কোহলি দুর্দান্ত ব্যাটসম্যান, মানুষ হিসেবেও অসাধারণ: আবরার

বয়স মাত্র ২৬। ইতোমধ্যেই লেগ স্পিন দিয়ে আলোচনায় এসেছেন পাকিস্তানের আবরার আহমেদ। তার স্বপ্ন ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে বিরাট কোহলিকে বোলিং করা। চলতি আসরে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ভারতের কাছে তার দল হেরে গেলেও কোহলির উচ্ছসিত প্রশংসা করেছেন আবরার।

দুবাইয়ে গত ২৩ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। দ্বাদশ ওভারে আবরারকে যখন বোলিংয়ে আনা হয়, তখন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন কোহলি। তবে পাকিস্তানের কোনো বোলারই সেদিন কোহলির সামনে দাঁড়াতে পারেননি। ২৪২ রান তাড়ায় অপরাজিত সেঞ্চুরি করে ভারতকে সেমি-ফাইনালে তুলেছিলেন ভারতের ব্যাটিং কিং। তবু কোহলিকে বল করতে পেরেই মহাখুশি আবরার।

তরুণ এই লেগ স্পিনার বলেছেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল কোহলি ভাইকে বল করার। দুবাইয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে। দারুণ এক চ্যালেঞ্জ ছিল। আমি তাকে ছক্কা মারার কথা বলে রাগাতে (স্লেজিং) চেয়েছি। তবে তিনি কখনোই রেগে যাননি। আমরা সবাই জানি তিনি দুর্দান্ত ব্যাটসম্যান, মানুষ হিসেবেও অসাধারণ। ম্যাচের পর তিনি বলেছিলেন, “ভালো বল করেছ।” এতে আমার দিনটাই রঙিন হয়ে উঠেছিল।’

২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল আবারারের। শুরুতে তাকে টেস্টের স্পেশালিস্ট বোলার হিসেবেই খেলানো হতো। পরে সুযোগ পান সাদা বলে। পাকিস্তান হারলেও সেদিন দলের সেরা বোলার ছিলেন আবরার। ১০ ওভারে ২৮ রানে নিয়েছিলেন ১ উইকেট। আবরার আরও বলেন, ‘কোহলি ভাইকে আদর্শ মেনেই বেড়ে উঠেছি এবং। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে খেলার সময় সবাইকে বলতাম, একদিন কোহলি ভাইকে বল করব। তার ফিটনেস অসাধারণ। যেভাবে সে উইকেটে দৌড়ায়, সেটা দর্শনীয়। এটাই তাকে অসাধারণ করে তুলেছে।’