ইতিহাসের সবচেয়ে দামি স্কোয়াডের রেকর্ড গড়ল চেলসি

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:০৯ পিএম

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে ট্রান্সফার ফি বিবেচনায় সবচেয়ে দামি স্কোয়াডের মর্যাদা পেয়েছে ২০২৪ মৌসুমের চেলসির স্কোয়াডটি। ওই মৌসুমে দলবদল খরচে সব মিলিয়ে ১৬৫ কোটি ৬০ লাখ ইউরো খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৭২৮ কোটি ৩৭ লাখ টাকা। উয়েফার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ অর্থ বছরের ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডের গড়তে মোট ব্যয় ছিল ১৪২ কোটি ইউরো। ২০২০ অর্থ বছরের রিয়াল মাদ্রিদের স্কোয়াডের জন্য মোট খরচ ছিল ১৩৩ কোটি ইউরো। ২০২৪ অর্থ বছরে এসে এই দুই জায়ান্ট ক্লাবকে হারয়ে দিয়েছে চেলসি। পশ্চিম লন্ডনের ক্লাবটির মালিকানা বদলের পর এখন পর্যন্ত মোট ৪১ জন ফুটবলারকে দলে নেওয়া হয়েছে।

কিন্তু এত খরচের পর এখন পর্যন্ত চেলসির অর্জন নেই বললেই চলে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করে তারা ষষ্ঠ স্থানে থেকে। চলতি মৌসুমে এখন তাদের অবস্থান পঞ্চম। উয়েফার এই প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সবচেয়ে বেশি রাজস্ব আয় করেছে রিয়াল- ১০৭ কোটি ৩০ লাখ ইউরো। ম্যানচেস্টার সিটির আয় ৮৫ কোটি ৪০ লাখ ইউরো আর পিএসজির আয় ৮০ কোটি ৮০ লাখ ইউরো।

আয়ে শীর্ষ ২০ ক্লাবের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবই ৯টি। ইংলিশ ক্লাবগুলির গড় আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ইউরো। মাঠে দর্শক উপস্থিতির আয়েও প্রিমিয়ার লিগ বাকি সব লিগকে ছাড়িয়ে গেছে। গেটমানি থেকে আয়ে শীর্ষ আট ক্লাবের মধ্যে চারটিই ইংল্যান্ডের। এই খাতে আর্সেনালের আয় ১৫ কোটি ৩০ লাখ ইউরো, ম্যান ইউয়ের ১২ কেটি ৯০ লাখ, টটেনহ্যামের ১২ কেটি ৩০ লাখ আর লিভারপুলের ১০ কোটি ৮ লাখ ইউরো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত