মায়ের কোলে ফিরল বিরামপুরের ‘পরিচয়হীন’ শিশুটি

‘রাস্তার পাশে পরিচয়হীন শিশু, পরিবারের সন্ধান মিলবে কি’ শিরোনামে দেশ রূপান্তর অনলাইনে খবর প্রকাশের পর সন্তানের খোঁজ পেয়েছে পরিবার। শিশুটি জয়পুরহাটের পশ্চিম দেবীপুর রেলগেট এলাকার সাবিনা পারভিন ও হারুনুর রশীদের মেয়ে। 

খবর প্রকাশের পর স্থানীয়রা ছবিসহ বিষয়টি জানালে মা সাবিনা মেয়েকে নিতে বৃহস্পতিবার রাতে বিরামপুর থানায় আসেন। এ সময় তিনি জানান, তিনি একজন দিনমজুর। মেয়ের দেখাশোনা করতে প্রতিবেশী একজনকে প্রতিদিন ১০০ টাকার বিনিময়ে দায়িত্ব দেন। দুই দিন ভালোই দেখাশুনা করেছিল। কিন্তু কি উদ্দেশ্যে তাকে বিরামপুরে আনা হয়েছিল তিনি জানেন না।

সন্তান ফিরে পেয়ে তিনি থানা পুলিশ, সমাজসেবা দপ্তর, স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শিশুটিকে  হস্তান্তরকালে বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।