রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন কার্লো আনচেলত্তি। খেলোয়াড়দের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ার খ্যাতিও রয়েছে তার। তবে সব সময় যে বিষয়টি সহজ ছিল, তা নয়। ক্যারিয়ারে বেশ কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি।
সম্প্রতি ইতালির জনপ্রিয় অভিনেতা জিয়াকোমো পোরেত্তির 'পোরেত্তিকাস্ট' পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি শেয়ার করেছেন এমনই এক মজার অভিজ্ঞতা।
সেখানে তিনি বলেন, 'অনেক খেলোয়াড়ের সঙ্গে আমার সমস্যা হয়েছে, তবে শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে। এক খেলোয়াড় ছিল, নাম বলব না, যখন আমি ড্রেসিং রুমে কথা বলতাম, সে তোয়ালে দিয়ে মুখ ঢেকে রাখত যেন আমাকে শুনতে না হয়! ক্যারিয়ারের শুরুর দিকে ছিল সে। একদিন আমি তাকে বললাম, এভাবে তো চলতে পারে না।’
আনচেলত্তি আরও বলেন, 'অনেক খেলোয়াড় আছেন, যাদের বেঞ্চে বসিয়ে দিলে সকালে এসে আপনার সঙ্গে কথাই বলবে না! তারা ব্যক্তিগত সম্পর্ক আর পেশাদারি জীবন গুলিয়ে ফেলে। আমি তো মাঝেমধ্যে ভাবি, খেলোয়াড়েরা যখন মাঠে নামতে পারে না, তখন বাসায় গিয়ে কী বলে! অনেকে আমার সঙ্গে ঝগড়াও করেছে।'
ভিনিসিয়ুস জুনিয়রের বড় সমর্থকদের একজন আনচেলত্তি। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের বিরুদ্ধে চলমান বর্ণবাদী আচরণের কঠোর বিরোধিতা করেছেন তিনি। তবে শুধু ভিনিসিয়ুস নয়, আরও অনেক খেলোয়াড়ই এর শিকার হচ্ছেন বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ।
তিনি বলেন, 'ভিনিসিয়ুস প্রচুর বর্ণবাদী হামলার শিকার হচ্ছে, তবে সে একা নয়। নিকো উইলিয়ামসও (স্পেন জাতীয় দল ও অ্যাথলেটিক বিলবাওয়ের ফুটবলার) এর শিকার হয়েছে। আমাদের আরও অনেকদূর এগোতে হবে। তারা ভালো খেলোয়াড় বলে আক্রমণের শিকার হতে পারে, কিন্তু এমনটা চলতে পারে না।'
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। তার সাফল্য যে শুধুই কঠোর পরিশ্রমের ফল নয়, বরং প্রকৃতির দেওয়া এক বিশেষ উপহার।
এমনটাই মনে করেন আনচেলত্তি, 'এমবাপ্পে আজকের পর্যায়ে শুধু কঠোর অনুশীলনের মাধ্যমে পৌঁছায়নি। প্রকৃতি তাকে এক বিশেষ প্রতিভা দিয়েছে। তবে সে তা পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে বিকশিত করেছে। তরুণদের উচিত খেলাধুলাকে শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করা, কারণ এটি জীবনবোধের এক দুর্দান্ত স্কুল।'
৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ বরাবরের মতোই প্রাসঙ্গিক। মাঠের লড়াইয়ের পাশাপাশি ড্রেসিং রুমের গল্পও যে ফুটবলের এক গুরুত্বপূর্ণ অংশ, তা আরও একবার মনে করিয়ে দিলেন আনচেলত্তি।