ম্যানইউর ৪৭০ কোটি টাকার ফুটবলারের গোলহীন ১৯ ম্যাচ

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৭:২২ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময়ের সঙ্গে তাল মিলিয়ে ছন্দহীন সময় পার করছেন দলটির ডেনিশ ফরোয়ার্ড রাসমুস হইলুন্ড। ৭২ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৪৭০ কোটি টাকা) এই স্ট্রাইকার টানা ১৯ ম্যাচ ধরে গোলের দেখা পাচ্ছেন না।

সর্বশেষ ইউরোপা লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচেও ছিলেন নিস্প্রভ। এই নিয়ে টানা ১৯ ম্যাচ গোলহীন রইলেন হইলুন্ড। সবশেষ তিনি জালের দেখা পেয়েছিলেন গত বছরের ১২ ডিসেম্বর, ইউরোপা লিগেই, ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। এরপর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আর কোনো গোলের দেখা পাননি তিনি।

এই সময়ে ১৯টি ম্যাচ খেলেছেন হইলুন্ড, যার মধ্যে ১৫টিতে ছিলেন শুরুর একাদশে, আর বাকি চারটিতে বদলি হিসেবে নেমেছেন। তবে একের পর এক সুযোগ পেয়েও ব্যর্থ ডেনিশ ফরোয়ার্ড, যা ইউনাইটেডের বাজে মৌসুমের প্রতিচ্ছবিই তুলে ধরছে।

২০২৪/২৫ মৌসুমে লিগ টেবিলের নিচের দিকের দলগুলোর সঙ্গে লড়তে হতে পারে ইউনাইটেডকে। ২২ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে হইলুন্ডের গোল মাত্র ২টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে করেছেন মাত্র ৭ গোল, যেখানে গত মৌসুমে ৪৩ ম্যাচে করেছিলেন ১৬ গোল।

শুধু গোল নয়, অ্যাসিস্টের ক্ষেত্রেও তার অবদান শূন্যের কোঠায়। পুরো মৌসুমে তিনি মাত্র ১টি অ্যাসিস্ট করেছেন, সেটিও গত নভেম্বরে বডো/গ্লিম্টের বিপক্ষে।

টানা গোলখরায় থাকা হইলুন্ডের সামনে বড় পরীক্ষা রোববার, যখন ইউনাইটেড মুখোমুখি হবে আর্সেনালের। বাংলাদেশ সময় রাত ৭:৩০টায় শুরু হবে ম্যাচটি। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৪, আর ১৪তম স্থানে থাকা ইউনাইটেডের সংগ্রহ মাত্র ৩৩। 

এই ম্যাচে কী হইলুন্ড গোলখরা কাটাতে পারবেন? উত্তর মিলবে রবিবার রাতেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত