ক্রীড়া লেখক ও বর্ষীয়ান সাংবাদিক বিমান ভট্টাচার্য শুক্রবার দুপুরে ঢাকার গোপীবাগে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। সাংবাদিকদের কাছে তিনি ছিলেন প্রিয় ‘বিমান দা’। ৮৪ বছর বয়সে তিনি স্ত্রী, এক মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কিছুদিন আগে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পিকনিকে গিয়েছিলেন তিনি। বর্তমান প্রজন্মের ক্রীড়া সাংবাদিকরা বিমান ভট্টাচার্যকে পেয়েছে ক্রীড়া লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে। তিনি একজন মুক্তিযোদ্ধাও।
১৯৪১ সালের ৮ জুলাই জন্ম নেওয়া বিমানের পেশাগত জীবন শুরু হয়েছিল ব্যাংকার হিসেবে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চাকরি ছেড়ে হাতে তুলে নেন কলম, শুরু করেন সাংবাদিকতা। কাজ করেছেন বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুড মর্নিং বাংলাদেশে। ক্রীড়া লেখক সমিতি ছাড়াও জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবসহ নানা সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। বিমান ভট্টাচার্যের প্রয়াণে শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিসহ অন্যান্য সংগঠন।