সাভারে নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভারের বংশী নদীর শাখা কর্ণপাড়া খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা বালুর গদি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ও পাইপ বিকল ও ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার বলেন, গণমাধ্যমে খবর দেখার পর বিষয়টি আমার নজরে আসে। তারই পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। বংশী নদীর শাখা কর্ণপাড়া খালের ওপর বাঁশ এবং বালুর বস্তা দিয়ে বাঁধ দিয়ে বালুর গদি গড়ে তোলা হয়েছে; যা সম্পূর্ণ অবৈধ। অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও আমরা বালুর গদি গুঁড়িয়ে দিয়েছি এবং এ কাজে ব্যবহৃত ড্রেজার, পাইপ বিকল ও ধ্বংস করে দিয়েছি।

তিনি আরও বলেন, আগামীতে নদী ও খাল দখল করে কেউ এ ধরনের গদি গড়ে তুললে অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে সাভারের নয়ারহাট এবং ভাগলপুর এলাকায় দীর্ঘদিন ধরে একইভাবে নদীর সীমানা ও পাড় দখল করে বালুর গদি চালিয়ে যাচ্ছে একাধিক প্রভাবশালী মহল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এসব জায়গা থেকে নিয়মিত মাসোহারা নিয়ে এগুলো পরিচালনার সুযোগ করে দিয়েছে। যে কারণে পরিবেশ এবং জীববৈচিত্র্য ধ্বংসকারী এসব বালুর গদির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।