সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় আলাউইত ১৬২ জনকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি হিসেবে পরিচিত।
গত বৃহস্পতিবার আসাদপন্থি এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। পরদিন শুক্রবার বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে নামে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নিরাপত্তা বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা করা হয়।
বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ‘আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।’
যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই অঞ্চলটি ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি, তিনি নিজেও আলাউইত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরআগেও সেখানে প্রাণঘাতি সংঘাতের ঘটনা ঘটেছিল।