লিগ কাপের ফাইনালে আগামী ১৬ মার্চ নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। একই সপ্তাহে আরও দুটি ভিন্ন টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে ইংলিশ জায়ান্টদের। তাই এক সপ্তাহে তিন ফাইনাল খেলার কথা শোনা গেল লিভারপুল কোচ আর্না স্লটের মুখে। দলের প্রতি তিনি এই বার্তাই দিয়েছেন।
নিউক্যাসলের বিপক্ষে ফাইনাল ছাড়াও আগামী শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দল সাউথহ্যাম্পটনের বিপক্ষে হবে লিভারপুল। এছাড়া মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লিভারপুলের প্রতিপক্ষ পিএসজি। আশ্চর্য হলেও সত্য, লিগের ২৭ ম্যাচে মাত্র ২ জয় পাওয়া সাউথহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আর্না স্লট।
সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ বলেছেন, ‘আমার পূর্ণ মনোযোগ এখন সাউথ্যাম্পটনের দিকে। সামনের সপ্তাহে তিন ফাইনালের প্রথমটি এটি। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তিন ফাইনালের প্রথমটি বলেই নয়, লিগের দিক থেকেও আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিটি লিভারপুল সমর্থক তাকিয়ে থাকবেন এই সপ্তাহের ম্যাচগুলোর দিকে।’
আর্না স্লট আরও বলেন, ‘আমি জানি, সামনে লিগ কাপের ফাইনাল এবং এর মধ্যেই সবাই বলাবলি করছে, চ্যাম্পিয়ন্স লিগের রাতে এখানকার আবহ কেমন থাকবে। তবে আমি সত্যিই আশা করছি, আমাদের সমর্থকেরা সাউথহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে গলা ফাটাবেন; ফাইনাল বা পিএসজির বিপক্ষে নয়। দলকে আমি তিন ফাইনালের কথাই বলেছি, আশা করি সেটা আমাদের সমর্থকদেরও প্রভাবিত করবে।’