রাজধানীর ইসলামপুরে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে বোন জামাইয়ের কাঁচির আঘাতে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সেলিম রেজা (৪৩)। চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দিবাগত রাতে তিনি মারা যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল মর্গে নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম জানান, সেলিম কাপড় ব্যবসায়ী। ছোট বোন জামাই সুমনের সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে বেশকিছু যাবত দ্বন্দ্ব চলছিল। এ বিষয় নিয়ে শুক্রবার পারিবারিকভাবে মীমাংসার জন্য ইসলামপুরে সেলিমের অফিসে বসা হয়। সেখানে কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। হঠাৎ সুমন ওই অফিসে থাকা কাঁচি দিয়ে সেলিমের পেটে আঘাত করেন।
স্বজনরা জানান, আহত অবস্থায় সেলিমকে সঙ্গে সঙ্গে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরে স্বজনরা নিয়ে গেছেন।