নাইমের রেকর্ডগড়া ইনিংসের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়

নাইম শেখের বিধ্বংসী ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে ইতিহাস গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তার ১৭৬ রানের ইনিংসের সঙ্গে সাব্বির হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাজ্জাদুল হকের ঝড়ো ব্যাটিংয়ে ৪২২ রানের বিশাল সংগ্রহ পায় দলটি। এমন বিশাল লক্ষ্যের সামনে দাঁড়িয়ে ব্রাদার্স ইউনিয়নের জয় পাওয়া ছিল প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত তাই হয়েছে। আইচ মোল্লার ৯৬ রানের লড়াকু ইনিংসের পরও ২৪৯ রানের বেশি তুলতে পারেনি ব্রাদার্স। ফলে ১৭৩ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে প্রাইম ব্যাংক। শুরুতেই বোলারদের ওপর চড়াও হন নাইম শেখ ও সাব্বির হোসেন। পাওয়ার প্লেতেই দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৭৬ রান। এরপরও থামেননি তারা। সাব্বির ১৮.২ ওভারে আউট হওয়ার আগে ৭৩ রানের ইনিংস খেলেন।

অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন নাইম। ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ১০৬ বলে স্পর্শ করেন দেড়শ। শেষ পর্যন্ত ১৭৬ রানে আউট হন এই বাঁহাতি ওপেনার, যা লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মাত্র ২৪ রানের জন্য দেশের একমাত্র ডাবল সেঞ্চুরির রেকর্ডটি স্পর্শ করতে পারেননি তিনি।

তার ইনিংসের পরও থামেনি প্রাইম ব্যাংকের রান উৎসব। ২২ বলে ৪০ রান করেন আব্দুল্লাহ আল মামুন, আর সাজ্জাদুল হক রিপন ৩৭ বলে অপরাজিত থাকেন ৫০ রানে। সব মিলিয়ে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪২২ রান তুলে ইতিহাস গড়ে প্রাইম ব্যাংক, যা লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

৪২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ব্রাদার্স ইউনিয়ন। ৬ষ্ঠ ওভারে ইমতিয়াজ হোসেন আউট হওয়ার পর পাওয়ার প্লে শেষের আগেই ফিরে যান মিজানুর রহমান। ওপেনার মাহফিজুল ইসলাম রবিনও ৩৮ বলে ২৯ রান করে বিদায় নেন। এরপর অধিনায়ক মাইশুকুর রহমান ও আইচ মোল্লা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে মাইশুকুর ৩৪ রানে আউট হলে সেই জুটিও ভাঙে।

ভালো শুরু পেয়েও অলক কাপালি আউট হন ৩০ রানে। শেষ দিকে একাই লড়ে যান আইচ মোল্লা। তবে একপ্রান্তে সঙ্গীর অভাবে তাকে থামতে হয় ৯৬ রানে। ফলে ২৪৯ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়নের ইনিংস। প্রাইম ব্যাংকের হয়ে তিনটি উইকেট নেন রিশাদ হোসেন, আর হাসান মাহমুদ ও খালেদ আহমেদ নেন দুটি করে উইকেট।

এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে প্রাইম ব্যাংক। এর আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল আবাহনী লিমিটেডের ৩৯৩ রান, যা তারা করেছিল ২০১৮ সালে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। এছাড়া, ২০২২ সালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৮৮ এবং গত বছর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩৮০ রান করেছিল প্রাইম ব্যাংক। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল দলটি।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ৪২২/৮ (নাইম ১৭৬, সাব্বির ৭৩, সাজ্জাদুল ৫০*; …)

ব্রাদার্স ইউনিয়ন: ৪১.২ ওভারে ২৪৯/১০ (আইচ ৯৬, মাইশুকুর ৩৪, অলক ৩০; রিশাদ ৩/…, হাসান ২/…, খালেদ ২/…)

ফল: প্রাইম ব্যাংক ১৭৩ রানে জয়ী

ম্যাচসেরা: নাইম শেখ (১৭৬)