নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে অপরাধী যে ই হোন না কেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তার থেকে শুরু করে আইনি যত ব্যবস্থা আছে সব নেওয়া বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
আজ রবিবার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি বিষয়টি তুলে ধরেন।
তথ্য উপদেষ্টা বলেন, লালমাটিয়া ইস্যুতে বা যেখানেই হোক না কেন, আপনারা জানেন আইন হচ্ছে অন্ধ, যে অপরাধী হোন না কেন এটার কোনও জাত-বাদ-ধর্ম দেখা হবে না। লিঙ্গও দেখা হবে না। যিনি অপরাধ করুন না কেন, যিনিই মব জাস্টিস করবেন না কেন, তিনি ধার্মিক হোন, বিধার্মিক হোন, যেই হোন না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আজ প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে বা কোন ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকায় থাকব। ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি।
মাহফুজ আলম বলেন, সরকার সব ধরনের মবের বিষয়ে ‘জিরো টলারেন্স’ অবস্থান নিয়েছে। আগে যে মবগুলো হয়েছে, মব জাস্টিসের ঘটনা ঘটেছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হলে বা আমাদের জায়গা থেকে মামলার ব্যবস্থা নিতে পারি। এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি থেকে শুরু করে যে কোনও জায়গায় এখানে ওখানে গিয়ে ডাকাতি, যতগুলো ঝামেলা আছে, যতগুলো জটিলতা সোসাইটিতে তৈরি হয়েছে অস্থিরতা, নৈরাজ্য আমরা এসব বিষয়ে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।