চ্যাম্পিয়নস ট্রফি জিততে ভারতের চাই ২৫২ রান

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিততে দুবাইয়ের ফাইনালে ভারতকে করতে হবে ২৫২ রান। টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের দুই ফিফটিতে ৭ উইকেটে ২৫১ রান করেছে। 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুটা ছিল দুর্দান্ত। ভয়ডরহীন ব্যাটিংয়ে দ্রুত রান তুলছিলেন রাচিন রবীন্দ্র, আর দেখেশুনে খেলছিলেন উইল ইয়াং। তবে তাদের ৫৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ২৩ বলে ১৫ রান করে ফিরে যান ইয়াং।

ইয়াংয়ের বিদায়ের পর রাচিন রবীন্দ্র ম্যাচে দুইবার জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি। কুলদ্বীপ যাদবের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ২৯ বলে ৩৭ রান করে বিদায় নেন তিনি। সেমিফাইনালে সেঞ্চুরি করা কেন উইলিয়ামসনও কুলদ্বীপের শিকার হন মাত্র ১১ রান করে।

এরপর উইকেটরক্ষক ব্যাটার টম লাথাম ১৪ রান করে রবীন্দ্র জাদেজার বলে ফিরে গেলে ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

১১তম ওভার থেকে রোহিত দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ শুরু করেন।  বরুণ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল—চতুর্মুখী এই স্পিন আক্রমণ চলে ৪৩ ওভার পর্যন্ত। যার মানে টানা ৩৩ ওভার ভারতের ঘূর্ণি সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের।

এই ৩৩ ওভারে মাত্র ৪ উইকেট হারালেও নিউজিল্যান্ড তুলতে পেরেছে ১১৫ রান। যার মানে গড়ে ওভারে ৩.৪৮ রান করে। অথচ এর আগে প্রথম ১০ ওভারে কিউইরা ৬.৯০ গড়ে ৬৯ রান তুলেছে।

ব্যাটিং বিপর্যয়ের পর দলের হাল ধরেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। দুজন মিলে ৫৭ রানের জুটি গড়লেও ফিলিপস ৫২ বলে ৩৪ রান করে বরুণ চক্রবর্তীর দ্বিতীয় শিকারে পরিণত হন।

১৬৫ রানে পাঁচ উইকেট হারানো নিউজিল্যান্ডের জন্য বড় সংগ্রহের স্বপ্ন বুনতে থাকেন মিচেল। ধৈর্যশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক পূর্ণ করেন এই অলরাউন্ডার। তবে ৬৩ রান করে আউট হলে বড় সংগ্রহের আশা ফিকে হয়ে যায় কিউইদের।

শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ৪০ বলে ৫৩ রানের ইনিংসে ভর করে ২৫১ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড।

গ্রুপ পর্বে ভারতকে ২৪৯ রানে বেঁধে রেখেছিল নিউজিল্যান্ড, যদিও সেই ম্যাচে জয় আসেনি। তবে ফাইনালে ঘুরে দাঁড়ানোর জন্য বোলারদের দিকেই তাকিয়ে থাকবে কিউই শিবির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত