ধর্ষণের বিচার ৭ দিনের মধ্যে শেষসহ ৩ দফা দাবি জানিয়েছে ঢাকা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর আইন বাস্তবায়ন করারও দাবি জানিয়ে সংগঠনটি একটি প্রতিবাদী মিছিল করেছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী আমতলি এলাকায় এই মিছিল হয়।
মিছিলে ঢাকা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. বাপ্পি হাওলাদার বলেন, বাংলাদেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশুদের প্রতি এই নৃশংসতা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের চরম উদাহরণ। আমরা এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি।
বাংলাদেশে ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরে অন্য বক্তারা বলেন, গত ৫ বছরে দেশে ৩৪ হাজার ৪৭০টি ধর্ষণের মামলা করা হয়েছে। এর মধ্যে মাত্র ৬,১০০ মামলায় তদন্ত শেষ হয়েছে, এবং ৯,০০২ জন অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ, বিচারহীনতার হার ভয়ঙ্করভাবে বেশি।
তারা বলেন, যদি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নৃশংস অপরাধগুলো প্রতিরোধে ব্যর্থ হয়, তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলব। ধর্ষকদের বিরুদ্ধে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবো। তাদের সমাজে কোনো স্থান নেই, এবং আমরা নিশ্চিত করবো তারা শাস্তি পায়— তা যত কঠোরই হোক না কেন!
এর আগে একটি ধর্ষণ বিরোধী মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। সেখানে অনেকেই মশাল হাতে অংশ নেন। মিছিল থেকে ধর্ষণবিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়।