ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু সাঈদ মোল্লা নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভাড়া বাসায় ১৩ বছর বয়সী ওই কিশোরীর পরিবার নিয়ে বসবাস করতো। আসামি আবু সাঈদ মোল্লা ওই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তিনি প্রায়ই ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিতেন। ২০২১ সালের ২ আগস্ট দুপুর ২ টার দিকে কিশোরী তার ভাইকে খুঁজতে বাসা থেকে বের হলে আসামি কৌশলে তাকে ছাদে নিয়ে ধর্ষণ করে। পরে ২৩ সেপ্টেম্বর ভয়-ভীতি দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করে। কিশোরী তার পরিবারকে বিষয়টি জানালে ভূক্তভোগীর মা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালে ৩১ আগস্ট সংশ্লিষ্ট থানার এসআই (উপপরিদর্শক) আলী জিন্নাহ আবু সাঈদ মোল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার চলাকালে আদালত ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।
