আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী বাহিয়া ব্লাঙ্কায় প্রবল বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। শহরটির কর্র্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার কয়েক ঘণ্টার মধ্যে ২৬০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়। এর ফলে আকস্মিক বন্যায় কয়েকটি সেতু ও সড়ক ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যম এক্স-এ বাহিয়া ব্লাঙ্কার কর্র্তৃপক্ষ বলেছে, সহায়তা দেওয়ার জন্য সম্ভাব্য সব ধরনের সম্পদ পৌরসভার দলগুলো, প্রাদেশিক সরকার, নৌবাহিনী ও আর্জেন্টিনার সেনাবাহিনীর মাধ্যমে কাজে লাগানো হয়েছে। ঝড়, বৃষ্টি ও বন্যার কারণে শহরের ঘরবাড়ি ও স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাত্রিসিয়া বুলরিচ এবং প্রতিরক্ষামন্ত্রী লুইস পেত্রি রাজধানী থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরের বন্যাকবলিত গুরুত্বপূর্ণ বন্দর শহরটি পরিদর্শন করেছেন।