এমএলএমে বিনিয়োগে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় পিরামিড বা পঞ্জি স্কিম (মাল্টি লেভেল মার্কেটিং-এমএলএম) ব্যবসা শুরু করেছে কিছু প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করে যাতে কেউ প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল রবিবার এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিগত সময়ে দেশে কিছু প্রতিষ্ঠান বিধি বহির্ভূতভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ, রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান এবং অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটেছে (যেমন : যুবক, ডেসটিনি ইত্যাদি)। এ ছাড়া, অস্বাভাবিক মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বিভিন্ন ই-কমার্সে পণ্য বিক্রির নামে জনগণের প্রতারণার নজির রয়েছে। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে এমন ঘটনা ঘটানোর নজির রয়েছে।

এ ধরনের অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদান এবং রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান করা পিরামিড বা পঞ্জি স্কিমের অন্যতম বৈশিষ্ট্য, যা অনেক ঝুঁকিপূর্ণ ও গ্রাহকের বিনিয়োগ হারানোর নজির রয়েছে। এসব প্রতারণামূলক ব্যবসায় লাভ থেকে মুনাফা না দিয়ে একদল গ্রাহকের বিনিয়োগের অর্থ থেকে আরেক দল গ্রাহককে তথাকথিত মুনাফা প্রদান করা হয়। এ ধরনের প্রতারণা মানিলন্ডারিংয়ের আওতাভু ক্ত অপরাধ বিধায় অতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া আমানত সংগ্রহ তথা ব্যাংক ব্যবসা পরিচালনা বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৩১ (১) ধারায় প্রদত্ত নির্দেশনার লঙ্ঘন।

সাম্প্রতিক সময়ে একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় তা বর্তমানে অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। এমতাবস্থায়, গ্রাহক স্বার্থ সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের জনসাধারণকে এ প্রকার প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা এবং বিশেষভাবে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের কোনো প্রতিষ্ঠানের সংবাদ জানা থাকলে বাংলাদেশ ব্যাংককে জানাতে জনগণ ও গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।