টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখেছিল ধানমন্ডি স্পোর্টস ক্লাব, তবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে স্বপ্ন ভেঙে গেল তাদের। ২৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৩ রানেই অলআউট হয়েছে ধানমন্ডির দল। ফলে ১৭৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতেই আসে ৮৩ রান। সাদিকুর রহমান ৪৪ বলে ৩০ রান করে সানজামুল ইসলামের শিকার হলে এই জুটি ভাঙে।
এরপর দলীয় ১৩২ রানের মধ্যে তিন উইকেট হারায় গাজী গ্রুপ। ৯৪ বলে ৬৯ রান করা এনামুল হক বিজয়কে সানজামুলের গুড লেংথ ডেলিভারিতে বোল্ড হতে হয়। সালমান হোসেন ইমন ১৮ বলে মাত্র ৫ রান করে কামরুল ইসলাম রাব্বির বলে ফেরেন।
তবে চতুর্থ উইকেটে ৭৪ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলেন শামসুর রহমান শুভ (৭২ বলে ৬০) ও আমিনুল ইসলাম বিপ্লব (৪৪)। শুভ সানজামুলের বলে বোল্ড হওয়ার আগে, বিপ্লব ডিপ এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে ফিরে যান। শেষদিকে তোফায়েল আহমেদ (২০ বলে ৩৩) ও আব্দুল গাফফার সাকলাইনের (১৭ বলে ৩৩) ক্যামিও ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে গাজী।
সানজামুল ইসলাম ৫১ রান দিয়ে ৪ উইকেট নেন, যা ধানমন্ডির বোলিং আক্রমণে ছিল অন্যতম উজ্জ্বল দিক।
বড় লক্ষ্যের সামনে নেমে শুরু থেকেই ধসে পড়ে ধানমন্ডির ব্যাটিং লাইনআপ। ইনিংসের দ্বিতীয় বলেই আশিকুর রহমান শিবলিকে বোল্ড করেন সাকলাইন। এরপর দশ ওভারের মধ্যেই হাবিবুর রহমান (৮) ও ফজলে মাহমুদ রাব্বির (১০) উইকেট হারায় দলটি।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইয়াসির আলী রাব্বি এই ম্যাচে ২৮ বলে ১৮ রান করে রান আউটের শিকার হন। আমিনুল ইসলাম বিপ্লবের সরাসরি থ্রোতে তাকে ফিরে যেতে হয়। এরপর ৩৩ বলে ৩৩ রান করা নুরুল হাসান সোহান উইকেটরক্ষক বিজয়ের হাতে ক্যাচ দিলে একপ্রকার ম্যাচ হেরে বসে ধানমন্ডি।
শেষদিকে মঈন খান (৪০ বলে ২৪) ও হাসান মুরাদ (৩৪ বলে ১২) কিছুটা লড়াই করলেও হার এড়াতে পারেননি। ধানমন্ডির ইনিংস ৩৪.২ ওভারে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায়।
গাজী গ্রুপের হয়ে ওয়াসি সিদ্দিকি ২৯ রান খরচায় তিনটি উইকেট নেন। এছাড়া সাকলাইন ও আরিদুল ইসলাম আকাশ দুটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল গাজী গ্রুপ ক্রিকেটার্স। অন্যদিকে, ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ব্যাটিং ব্যর্থতার কঠিন মূল্য দিতে হলো।