বিশ্বের সেরা গোলরক্ষকের স্বীকৃতি পাওয়া এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ এবার আলোচনায় এলেন এক অদ্ভুত কারণে। দ্বিতীয়বারের মতো ফিফা ‘দ্য বেস্ট’ গোলকিপার পুরস্কার জেতার পর ট্রফির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। তবে নিজের অজান্তেই এক ছোট ভুল করে ফেলেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে মার্তিনেজ লিখেছিলেন, ‘ধন্যবাদ ফিফা, ট্রফিটি পাঠানোর জন্য’। ছবিতে নতুন ট্রফিটি ছিল তার আসল প্যাকেজিংয়ে। তবে ছবির প্রতিফলনে ধরা পড়ে অন্য এক দৃশ্য—দিবুর খালি গায়ের প্রতিচ্ছবি! এই বিষয়টি দ্রুত নজরে আসে নেটিজেনদের, আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
গত ডিসেম্বর কাতারে আয়োজিত ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বের সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃতি পান মার্তিনেজ। জাতীয় দলের কোচ, অধিনায়ক, ক্রীড়া সাংবাদিক ও সমর্থকদের ভোটে এই পুরস্কার জিতেছেন তিনি।
২০২৪ ব্যালন ডি’অর অনুষ্ঠানে লেভ ইয়াশিন ট্রফিও জিতেছিলেন এই আর্জেন্টাইন তারকা। টানা দুইবার এই পুরস্কার জেতার কীর্তি গড়লেন তিনিই প্রথম। ফিফার ভোটিংয়ে মার্তিনেজ ২৬ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করেন।
বর্তমানে অ্যাস্টন ভিলার হয়ে ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন মার্তিনেজ। অ্যাডাক্টর পেশির সমস্যায় ভুগছেন তিনি, যা চেলসির বিপক্ষে ম্যাচের সময় শুরু হয়েছিল। এরপরও তিনি ক্রিস্টাল প্যালেস, কার্ডিফ এবং ক্লাব ব্রুগের বিপক্ষে খেলেছেন। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের মাঝেই তাকে বিশ্রামে পাঠানো হয়।
গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচে খেলানো হয়নি মার্তিনেজকে। কোচ উনাই এমেরি তাকে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬’র ফিরতি লেগের জন্য বিশ্রাম দেন। প্রথম লেগে ক্লাব ব্রুগেকে ৩-১ গোলে হারিয়েছিল অ্যাস্টন ভিলা। ফিরতি ম্যাচে মার্তিনেজের উপস্থিতি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপজয়ী এই তারকা গোলরক্ষক আর্জেন্টিনা দলের সামনের বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডের প্রাথমিক তালিকায় আছেন। তাই তার ইনজুরি কাটিয়ে ওঠা শুধু ক্লাবের জন্য নয়, জাতীয় দলের জন্যও গুরুত্বপূর্ণ। অ্যাস্টন ভিলার সঙ্গে দুর্দান্ত ছন্দে থাকা মার্তিনেজকে দ্রুত মাঠে ফিরতে দেখা যাবে কি না, তা নিয়ে কৌতূহলী তার ভক্তরা। তবে তার ভাইরাল হওয়া ছবির মজার ঘটনা আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে!
ক্রিকেট এক নিষ্ঠুর খেলা, দাবি রাচিনের
আইপিএলে দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় হ্যারি ব্রুক 