সিংগাইর

নিখোঁজের ৫ দিন পর ভুট্টাক্ষেতে অটোচালকের লাশ 

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টাক্ষেত থেকে আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল হোসেন সিংগাইর পৌর এলাকার আজিমপুর দক্ষিণপাড়া মহল্লার মৃত হাশেমের পুত্র ও দুই সন্তানের বাবা। তিনি পেশায় একজন অটোচালক।

মঙ্গলবার (১১ মার্চ) বাড়ির পাশে জনৈক রিয়াজুলের ভুট্টাক্ষেত থেকে পচা-দুর্গন্ধযুক্ত লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার (৭ মার্চ) নিখোঁজ হন আবুল হোসেন। তার পরিবারের পক্ষ থেকে সোমবার (১০ মার্চ) থানায় জিডি করা হয়। 

মঙ্গলবার ভোরে আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে ভুট্টাক্ষেতে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের সুরতহাল রিপোর্টকারী তদন্ত কর্মকর্তা এস আই রেজাউল করিম বলেন, লাশ পচে যাওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আসল রহস্য বের হবে। 

এদিকে, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল হোসেন পেশায় একজন অটোচালক ছিলেন। বাঁশি ও ঢোল বাজাতে পারতেন। গত কয়েক দিনের ব্যবধানে তার দুটি গাড়ি চুরি হয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করেছে। তবে নিখোঁজ হওয়ার আগে পরিবারের কারো সাথে তার ঝগড়া হয়নি বলে স্বজনদের দাবি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।