সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগের আশ্বাস

দেশের সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগের ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান। মঙ্গলবার বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সঙ্গে অনুষ্ঠিত সভায় সচিব এই আশ্বাস দেন। এ সময় সচিবের কাছে ৬ দফা দাবি পেশ করেন ফোরাম সদস্যরা।

সভায় ফোরাম সভাপতি মো. আজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীরসহ একটি প্রতিনিধি দল অংশ নেন।

ফোরাম নেতারা আশা প্রকাশ করেন, সরকারি হাসপাতালে দ্রুত ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হলে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে এবং ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। পরে সচিব ফোরাম নেতাদের সাথে একাত্মতা পোষণ করেন ও হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগের ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের আশ্বাস দেন।

ফোরামের ছয় দফায় বলা হয়- ১. বাংলাদেশের চিকিৎসা সেবাকে উন্নত বিশ্বের মতো সফল করে গড়ে তুলতে হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে। ১৯৬৫ সালে ফার্মেসি শিক্ষা চালু হলেও আজও দেশে প্রকৃত হসপিটাল ফার্মাসিস্ট (গ্র্যাজুয়েট) নিয়োগ হয়নি। ফলে ওষুধের ভুল ব্যবহার হচ্ছে। ২. ওষুধ প্রশাসনের প্রতিটি জেলা অফিসে অন্তত ২ জন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ প্রয়োজন। ৩. ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল পদটি একজন স্বনামধন্য গ্রাজুয়েট ফার্মাসিস্টের জন্য নির্ধারণ করতে হবে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক সকল কমিটিতে একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট অন্তর্ভুক্তির দাবিও জানানো হয়।