ধর্ষণ ও নারীদের ওপর নিপীড়নের ঘটনাগুলোয় সাত দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপিকে শক্তভাবে অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান। গতকাল মঙ্গলবার ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দল আয়োজিত ধর্ষণবিরোধী ও ধর্ষকদের শাস্তি দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, ‘একটা জরিপে দেখা গেছে, এ দেশের ৭০ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় বসবাস করে। মাত্র ৩০ শতাংশ নারী নিরাপদে রয়েছে। অথচ বাংলাদেশে আমরা নারীদের সুরক্ষা দিতে পারছি না। আমার মনে হচ্ছে, এটা একটা প্ল্যান। আমাদের কন্সপাইরেসিতে ফেলার জন্য এ কাজ করা হচ্ছে। তাই ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে আপনাদের সাত দিন সময় দিচ্ছি। এই সাত দিনের মধ্যে শক্তভাবে অবস্থান নিন। না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসব। আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।’
সাদা দলের সাবেক আহ্বায়ক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘একটা দেশ যখন গণঅভ্যুত্থানের পর যাত্রা শুরু করে, তখন সব থেকে খারাপ পরিস্থিতির মধ্যে থাকে। তবে অভ্যুত্থানের ছয় মাস পরও এমন পরিস্থিতি অপ্রত্যাশিত।’