ভারতের তরুণ ওপেনার শুবমান গিল আবারও আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে তিনি আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে সেরা খেলোয়াড় হয়েছিলেন শুবমান।
গত ফেব্রুয়ারি মাসে ৫টি ওয়ানডে খেলে ১০১.৫০ গড় ও ৯৪.১৯ স্ট্রাইক রেটে শুবমান করেছেন ৪০৬ রান। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জয়ের সিরিজে টানা তিন ইনিংসেই খেলেছেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস নাগপুরে ৮৭, কটকে ৬০ রানের পর আহমেদাবাদে আরও ঝলসে ওঠে তার ব্যাট। ১০২ বলে ১৪ চার ৩ ছক্কায় খেলেন ১১২ রানের দুর্দান্ত ইনিংস। জিতেছিলেন সিরিজসেরার পুরস্কার।
সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও শুবমানের ব্যাট হেসেছে। বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে ভারতের প্রথম ম্যাচেই খেলেছেন অপরাজিত ১০১ রানের ইনিংস। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচেও করেন ৪৬ রান। বিবেচনার বাইরে থাকা পরের তিনটি ম্যাচ অবশ্য ভালো যায়নি শুবমানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে করেন ৮ রান। ফাইনালে অধিনায়ক রোহিত শর্মাকে সঙ্গ দিতে গিয়ে খেলেন ৩১ রানের ছোট্ট ইনিংস।
অন্যদিকে মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। নারী অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা কিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তার সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড ও থাইল্যান্ডের থিপাচা পুথাওং। টানা তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে আইসিসির মাসসেরা নারী খেলোয়াড় হলেন কিং। এর আগে গত বছরের ডিসেম্বরে অ্যনাবেল সাদারল্যান্ড ও গত জানুয়ারিতে বেথ মুনির এই পুরস্কার জিতেছিলেন।