ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। চলছে ক্রিকেটারদের পারফর্মেন্স বিবেচনায় সেরা একাদশ তৈরি। ইতোমধ্যে আইসিসিসহ অনেক ক্রিকেটারই চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের সেরা একাদশ বেছে নিয়েছেন। এবার ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও তৈরি করেছেন তার পছন্দের একাদশ, যাতে শিরোপাজয়ী অধিনায়ক রোহিত শর্মাসহ বাংলাদেশ ও পাকিস্তানের কেউ নেই।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওপেন করতে নেমে ম্যাচ জেতানো ইনিংস খেললেও অশ্বিনের দলে রোহিতের জায়গা হয়নি। তিনি ওপেনার হিসেবে রেখেছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ইংল্যান্ডের বেন ডাকেটকে। রাচিন দুটি সেঞ্চুরি করে জিতেছেন টুর্নামেন্টে সেরার পুরস্কার। পাশাপাশি ডাকেটও রান করেছেন। তাই দুই বাঁহাতির উপর ভরসা দেখিয়েছেন অশ্বিন।
তিন নম্বরে অবধারিতভাবেই আছেন বিরাট ‘কিং’ কোহলি এবং চারে শ্রেয়স আইয়ার। দুজনের মধ্যে কোহলি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। শ্রেয়স সেঞ্চুরি না পেলেও প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। পাঁচ থেকে আট নম্বর পর্যন্ত আছেন- অস্ট্রেলিয়ার জস ইংলিশ, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।
এই চার জনের মধ্যে ওমরজাই ও ব্রেসওয়েল আছেন অল-রাউন্ডার হিসেবে। দুই স্পেশালিস্ট স্পিনার হিসাবে আছেন ভারতের কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়নস ট্রফিতে চমক দিয়ে বরুণ নিয়েছেন ৯ উইকেট, কুলদীপ ৭টি। একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসাবে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি থাকলেও জায়গা হয়নি মোহাম্মদ শামির। দ্বাদশ ব্যক্তি হিসাবে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
চ্যাম্পিয়নস ট্রফি আট দলের আসর হলেও অশ্বিন ক্রিকেটার নির্বাচন করেছেন ৬টি দল থেকে। ভারতের সর্বোচ্চ ৪ জন, নিউজিল্যান্ডের তিন এবং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ডের একজন করে ক্রিকেটারকে নিয়েছেন অশ্বিন। শুধু বাংলাদেশ ও পাকিস্তানের কোনো ক্রিকেটার একাদশে সুযোগ পায়নি। দুটি দলই এত বাজে খেলেছে যে, জায়গা পাওয়ার প্রশ্নও নেই।
অশ্বিনের সেরা একাদশ: রাচিন রবীন্দ্র, বেন ডাকেট, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, জস ইংলিশ, ডেভিড মিলার, আজমাতুল্লাহ ওমরজাই, মাইকেল ব্রেসওয়েল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ম্যাট হেনরি।
দ্বাদশ ব্যক্তি: মিচেল স্যান্টনার।
অথচ বলটা রাফিনহাকে দিতে চাননি ইয়ামাল
আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড: অ্যান্ডি রবার্টস
৬ মিনিটে ১ মিলিয়ন; ইতিহাস গড়ল হার্দিকের সেই ছবি
ব্রাদার্সের সেই বোলারদের নিয়ে এবার ‘খেললেন’ তামিম-অঙ্কন