চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আগামীতে পরিচালিত হবে নির্বাচিত কমিটির মাধ্যমে। সংগঠনটির যে সদস্যরা অতীতে দেশের প্রতিটি দুর্যোগ ও সংগ্রামে রাজপথে থেকে লড়াই করেছে তারাই নির্ধারণ করবেন নতুন নেতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ড্যাব ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনটির শীর্ষ নেতারা।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ সম্পাদক ডা. পারভেজ রেজা কানন, ড্যাবের সিনিয়র ভাইস প্রেডিডেন্ট ডা. এমএ সেলিম, কোষাধক্ষ্য জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান, ও ড্যাবের যুগ্ম সম্পাদক শাহ মো. আমানুল্লাহ।