চোটের জন্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি জসপ্রিত বুমরা। আর কয়দিন পর আগামী ২২ মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএল। এই আসরের শুরু থেকে হয়তো পাওয়া যাবে না মুম্বাই ইন্ডিয়ানসের এই পেস তারকাকে। আশা করা হচ্ছে, বিসিসিআই মেডিকেল দলের সবুজ সংকেত পেলে এপ্রিলের দিকে বুমরা আইপিএলে মাঠে নামতে পারেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পিঠে চোট পেয়েছিলেন বুমরা। সে কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি। তাকে ছাড়াই অবশ্য চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বুমরা আপাতত ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। তবে তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন- সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, মার্চে মুম্বাই ইন্ডিয়ান্সের তিনটি ম্যাচ মিস করবেন বুমরা। এপ্রিলের প্রথমদিকে তার ফেরার আশা করা হচ্ছে। তবে মুম্বাইয়ের সাবেক বোলিং কোচ নিউজিল্যান্ডের সাবেক পেস গ্রেট শেন বন্ড সম্প্রতি বলেছেন, বুমরাকে নিয়ে তাড়াহুড়া না করতে। ২০১৩ সাল থেকে আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে খেলছেন বুমরা। জিতেছেন পাঁচটি শিরোপা। আইপিএলে এখন পর্যন্ত ১৩৩ ম্যাচ খেলে বুমরার শিকার ১৬৫ উইকেট।