রোজা রেখেই মোহামেডানের জয়ের নায়ক মিরাজ

রোজা রেখে খেললেন, বল হাতে ছড়ি ঘুরিয়ে মোহামেডানকে এনে দিলেন দাপুটে জয়। ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩৮ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতেও রেখেছেন অবদান, করেছেন ২৬ বলে ২৫ রান। তার এমন অলরাউন্ড নৈপুণ্যে ৯৪ রানের বড় জয় পেয়েছে মোহামেডান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মোহামেডান ২৫৪ রানের লক্ষ্য দেয় লিজেন্ডস অব রূপগঞ্জকে। রান তাড়ায় নেমে আকবর আলীরা অলআউট হয়ে যান ১৫৯ রানে। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ জানালেন, রোজা রেখেই খেলেছেন এই ম্যাচ।

মিরাজের স্পিন ভেলকিতে বিধ্বস্ত রূপগঞ্জের ব্যাটিং লাইনআপ। উইকেট সম্পর্কে জানতে চাইলে মিরাজ বলেন, 'শুরুতে উইকেট খুব ভালো ছিল। আমরা দারুণ শুরু পেয়েছিলাম। ওপেনিংয়ে ভালো একটা জুটিও হয়েছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে উইকেট একটু কঠিন হয়ে যায় ব্যাটসম্যানদের জন্য। তারপরও আমরা ভালো রিকভারি করেছি। যদি ৩০-৪০ রান বেশি হত তাহলে আরও ভালো হত। কিন্তু আমাদের উইকেট দ্রুত পড়ে যাওয়াতে সেটা হয়নি।'

বর্তমান বাস্তবতায় ঢাকা প্রিমিয়ার লিগের উইকেট আরও ব্যাটিং-বান্ধব হওয়া উচিত কি না, এমন প্রশ্নে মিরাজ বলেন, 'এই (মিরপুরের) উইকেট খেলার ওপরেই আছে। আর উইকেটটা যে খারাপ ছিল সেটাও বলব না। আমরা তো রান পেয়েছি। হয়তো মাঝের ওভারগুলোতে আমাদের কিছু ভুল ছিল। উইকেট যাওয়ার জন্য আমরা সেই রানটা করতে পারিনি।'

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্য রাখতে ডিপিএলের উইকেট কেমন হওয়া উচিত—এমন প্রসঙ্গে মিরাজ বলেন, 'ওয়ানডে ক্রিকেটে বড় স্কোর গড়লে সবার মধ্যে অভ্যাসটা গড়ে ওঠে। যে জিনিসটা আমরা দেখি আন্তর্জাতিক ক্রিকেটে। সবাই চেষ্টা করছে সেভাবেই নিজেকে গড়ে তুলতে।'

বাংলাদেশের উইকেট নিয়ে বরাবরই আলোচনা হয়। ব্যাটার-বোলারদের মানিয়ে নেওয়ার মানসিকতা প্রসঙ্গে মিরাজের ব্যাখ্যা, 'ঢাকা লিগে তো প্রত্যকটা ক্রিকেটার পারফর্ম করার জন্যই খেলে। এখানে ভালো খেললে জাতীয় দলের দরজা খুলবে, পরের বছরে ভালো দলে সুযোগ হবে, টাকাও বেশি আয় হবে। তাই এখানে চ্যালেঞ্জ বেশি থাকে।'

ভারতীয় ক্রিকেটাররা তাদের উইকেটের বৈচিত্র্যের সঙ্গে মানিয়ে নিতে পারেন, কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব হয় না কেন? এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, 'আমরা কি উইকেট নিয়ে খুব অভিযোগ করি! আসলে স্কিলের একটা বিষয় আছে। এসব জায়গায় উন্নতি করতে হবে, তবেই সম্ভব হবে।'

মাহমুদউল্লাহ রিয়াদের বিদায় প্রসঙ্গে কথা বলেন মিরাজ। বাংলাদেশের ক্রিকেটকে একধাপ এগিয়ে নেওয়া ‘পঞ্চপাণ্ডব’-এর অবদান স্মরণ করে তিনি বলেন, 'সিনিয়ররা একটা পর্যায়ে নিয়ে গেছেন দলকে। আমরা আরও এগিয়ে নিতে চাই। বাংলাদেশের ক্রিকেট এখনও কোনো ট্রফি জিততে পারেনি, আমার স্বপ্ন সেই অপূর্ণতা পূরণ করা।'

রোজা রেখে খেলেও মাঠে দারুণ পারফরম্যান্স দেখিয়ে মিরাজ বুঝিয়ে দিয়েছেন, মানসিক দৃঢ়তা থাকলে সব বাধাই জয় করা সম্ভব। এখন তার নজর সামনের ম্যাচে, আরও একটি জয়ের পথে মোহামেডানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে।