ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা হতাশাজনক হলেও এখন ছন্দে ফিরেছে আবাহনী লিমিটেড। নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে হারের পর দলটি যেন পুরনো রূপে ফিরেছে। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮০ রানের জয় তুলে নিয়ে টানা চতুর্থ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে আবাহনী। ইনিংসের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে দলটি। তবে সেই ধাক্কা সামলে ইনিংস মেরামতের দায়িত্ব নেন মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন।
২০১৮ সালের পর লিস্ট ‘এ’তে সেঞ্চুরি নেই মুমিনুল হকের। প্রায় সাত বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন দেখলেও মাত্র ৮ রানের জন্য তা পূরণ হয়নি। তবে তার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে আবাহনী। মাত্র ৭৪ বলে ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, মারেন ৭টি চার ও ৪টি ছক্কা।
মুমিনুলের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন মিঠুন। ৮৬ বলে ৭১ রান করা এই ব্যাটারও খেলেন দায়িত্বশীল ইনিংস। শেষদিকে মোসাদ্দেক হোসেন (২৩), মাহফুজুর রহমান রাব্বি (২৮*), রকিবুল হাসান (২২) ছোট ছোট তবে কার্যকর ইনিংস খেলে দলকে তিনশ রানের গণ্ডি পার করান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১০ রান সংগ্রহ করে আবাহনী।
ব্রাদার্সের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আল আমিন। ১০ ওভারে ৪১ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। একটি করে উইকেট নেন অলক কাপালি, মানিক খান, সোহাগ গাজী ও আইচ মোল্লা।
৩১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ব্রাদার্স ইউনিয়ন। টপ অর্ডারের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় তারা। তবে অধিনায়ক মাইশুকুর রহমান একাই লড়াই চালিয়ে যান। ৭৮ বলে ৮৪ রানের ইনিংস খেলে কিছুটা সম্ভাবনা জাগান তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কার মার।
মিজানুর রহমান ৪৫ ও অলক কাপালি ৩৩ রান করলেও বড় জুটি গড়ে জয়ের পথ দেখাতে পারেননি কেউই। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩০ রানে থামে ব্রাদার্সের ইনিংস। ফলে ৮০ রানের দাপুটে জয় তুলে নেয় আবাহনী।
আবাহনীর হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোসাদ্দেক হোসেন ও মেহেরব হাসান। দুজনেই শিকার করেন ২টি করে উইকেট। নাহিদুল ইসলাম, রকিবুল হাসান ও মাহফুজুর রহমান নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী লিমিটেড – ৫০ ওভারে ৩১০/৮ (মুমিনুল ৯২, মিঠুন ৭১, মাহফুজুর ২৮*; আল আমিন ২/৪১, সোহাগ ১/৫৩)
ব্রাদার্স ইউনিয়ন – ৫০ ওভারে ২৩০/৭ (মাইশুকুর ৮৪, মিজানুর ৪৫, কাপালি ৩৩; মোসাদ্দেক ২/১২, মেহেরব ২/৩১)
ফল: আবাহনী লিমিটেড ৮০ রানে জয়ী।
মোহামেডানের দাপটে বিধ্বস্ত লিজেন্ডস অব রূপগঞ্জ
ইমরানকে সমর্থন করায় পাকিস্তানি অল-রাউন্ডারের ১৩ লাখ রুপি জরিমানা
শুধু জিম্বাবুয়ে নয়, আফগানিস্তানের বিপক্ষেও খেলবেন শান্তরা