কুড়িগ্রাম সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার বিজিবির

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। বিজিবি বলছে, এসব অস্ত্র ও গোলাবারুদ ভারত থেকে পাচার করা হচ্ছিল।

গতকাল শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক। তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন ৯৮৫/৩ এস পিলারের কাছ থেকে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপনে খবর পেয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপির ১৯ সদস্যের বিশেষ টহল দল সেখানে অবস্থান নেয়। এ সময় কয়েক ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহল দল তাদের আটকের জন্য ধাওয়া করে। এ সময় সঙ্গে থাকা মালামাল ফেলে তারা ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। টহল দল ওই স্থানে তল্লাশি চালিয়ে ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা মূল্যের মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় ভারতীয় এনএক্স-২০০ এথেনাগান, একটি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি, ৩৩ হাজার ১০০টি সিসা গুলি এবং একটি হিরো মোটরসাইকেল (১২৫ সিসি) উদ্ধার করে বিজিবি।

২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক আরও জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপি সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে।