অনেক ঢাকঢোল পিটিয়ে, তারকাদের নিয়ে থিম সং বানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল ঢাকাই ছবির ‘কিং খান’ শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। কিন্তু ছবির জগতের ভাষায় ঢাকা ক্যাপিটালস সুপার ফ্লপ। ১২ ম্যাচে মাত্র ৩ জয় ৯ হারে ঢাকা ক্যাপিটালস হয়েছে ৭ দলের ভেতর ৬। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ৩ মৌসুমের চুক্তি হয়েছিল, ২০২৫ সালের বিপিএল দিয়ে সেই মেয়াদ হয়েছে সমাপ্ত। আগামী কয়েক মৌসুমের জন্য নতুন করে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করবে বিসিবি, শুরুর অভিজ্ঞতা তিক্ত হলেও ঢাকা ক্যাপিটালস থাকতে চাইছে আগামী বছর; এমনটাই জানিয়েছেন শাকিব।
ঢাকার একটি হোটেলে, একটি অনুষ্ঠানে এসেছিলেন শাকিব খান। সঙ্গে ছিলেন তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও বিনোদন অঙ্গনের অনেকেই। সেখানেই শাকিব বলেছেন, ‘নেক্সট বিপিএলে দেখা হবে, ভালোভাবেই দেখা হবে।’ ক্রিকেটারদের নিয়ে শাকিবের মত, ‘তানজিদ বিপিএলের গত আসরে খেলেছেন ঢাকা ক্যাপিটালসে। তাকে বেশ মনে ধরেছে শাকিব খানের। এছাড়া তাসকিন-সাব্বিরকেও প্রশংসায় ভাসিয়েছেন শাকিব খান, ‘তাসকিন তো হিরো হয়ে গেছে। তাসকিনকে দেখে মনে হয়েছে, এক খেলায় বলটা একটু সেøা করো বাবা। পারলে তো টিভিটাই সেøা করে দিই। তানজিদও হিরো। আমার খুব পছন্দের। আমি দেখতাম যখন আমার টিমের খেলায়, যদিও হেরেছি অসুবিধা নেই। কিন্তু ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগত। আমাদের সাব্বির তো চমৎকার। এবার তো সিক্সের বন্যা বইয়ে দিয়েছে।’ অনুষ্ঠানে তাসকিন আহমেদকে চলচ্চিত্রের প্রস্তাব দেওয়া হলে করবেন কি না সেই প্রশ্ন উঠে আসে। শাকিব খান বেশ মজা করেন বলেন, ‘আমার সঙ্গে হিরো হলে হবে না তাসকিনের। ওকে সলো হিরো বানাতে হবে।’ আর তাসকিনের উত্তর ছিল এরকম, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এসো।’ মাঠের এবং পর্দার তারকাদের উপস্থিতিতে তারা ঝলমলে অনুষ্ঠানের মাধ্যমে পরের বিপিএলে থাকার ঘোষণা তো শাকিব খান দিয়েই দিলেন, এবার পর্দার মতো মাঠেও তার দল ‘হিট’ হয় কি না সেটাই দেখার পালা।