‘ইনশাআল্লাহ আমরা উইন খরমু’ সিলেটে হামজা চৌধুরী 

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, ইংলিশ প্রিমিয়ার লীগ তারকা হামজা চৌধুরী মাতৃভূমি বাংলাদেশের হয়ে খেলতে দেশে এসেছেন। সোমবার দুপুরে তিনি যুক্তরাজ্য থেকে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

তার আসার খবরে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় ফুটবলপ্রেমীরা ভিড় করেন। ছিলেন বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী ও ইউটিউবাররা। হামজা চৌধুরী বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হলে শ্লোগানে শ্লোগানে তাকে স্বাগত জানান ফুটবলপ্রেমীরা। 

এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অল্পক্ষণ কথা বলেন হামজা চৌধুরী। একাধিক সাংবাদিক তার কাছে বাংলাদেশের হয়ে খেলার অনুভূতি ও লক্ষ্যের কথা জানতে চান। প্রশ্ন ঠিকমতো বুঝতে না পেরে এ সময় তিনি বলেন, ‘আমি কিছু বুঝছি না, বুঝতে পারছি না।’ এরপর বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা উইন খরমু, আমার বড় স্বপ্ন আছে। কোচ হাভিয়েরের সঙ্গে কাজ করব। ইনশাআল্লাহ আমরা উইন খরিয়া প্রোগ্রেস করতে পারমু।’

উপস্থিত লোকজনের ভিড় প্রসঙ্গে তিনি বলেন, ‘ইটস অ্যামাজিং, অ্যামাজিং। অনেকদিন পর দেশে ফিরলাম। আমি রোমাঞ্চিত।’ এ সময় আরও কিছু প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন হামজা চৌধুরী। কিন্তু বাফুফে কর্মকর্তারা আবার তাকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নিয়ে যান। পরে তিনি ছাদখোলা গাড়িতে বিমানবন্দর থেকে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হন। এ সময় তিনি সড়কের দুই পাশে অবস্থানরত লোকজনের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।