কিশোর গ্যাং বন্ধুদের নিয়ে বাবার ওপর ছেলের হামলা

গাজীপুরের শ্রীপুরে এক সন্তান তার কিশোর গ্যাং বন্ধুদের নিয়ে বাবাকে শায়েস্তা করতে অতর্কিত হামলা চালিয়ে বেধম মারধর করেছে। ওই ব্যক্তির আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় জনতা চার কিশোর গ্যাং সদস্যকে ধরে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর বাজার এলাকা আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।

মারধরে শিকার আহত ব্যক্তির নাম আসাদ মিয়া। তিনি দুর্লভপুরের নায়েব আলীর ছেলে।

বাবার ওপর হামলাকারীর নেতৃত্ব দেওয়া ছেলের নাম আবির আহাম্মেদ। এ সময় অন্তত ১০-১২ জনের একটি কিশোর গ্যাং টিম এ হামলা চালায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের মধ্যে চারকে আটক করে পুলিশে দিয়েছে। তারা হলেন- হামলায় শিকার আসাদের ছেলে আবির আহাম্মেদ (১৭) তার সহযোগী জাহিদ হাসান ১৬), জিহাদ আলম (১৭) ও মারুফ মিয়া (১৬)। তারা সবাই কিশোর গ্যাং সদস্য। নানা অপরাধে জড়িয়ে আছে এ দলের সদস্যরা।
 
হামলায় শিকার হওয়া আসাদ মিয়া জানান, তার ছেলে আবির তার প্রথম স্ত্রীর সন্তান। তার মায়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এক সময় তার মা প্রবাসে ছিল। এ সময় আবার তিনি দ্বিতীয় বার বিয়ে করেন। এরপর থেতেই তাদের মধ্যে শত্রুতা বাড়ে। তার প্রথম স্ত্রী পারুল আক্তার প্রবাস থেকে ফেরত আসলে সে শত্রুতা আরও বাড়তে থাকে। এরপর তাদের বড় ছেলে আবিরকে দিয়ে নানাভাবে হত্যার হুঁমকি ও মারধরের চেষ্টা করেন। সে অনুয়ায়ী সোমবার রাতে ছেলে আবির ও তার ভাড়াটে কিশোর গ্যাং তার ওপর হামলা করে। পরে তার চিৎকারে আপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় তারা পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন তার প্রথম স্ত্রী তার ছেলেকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তিনি চরম অনিরাপত্তহীন আছেন বলেও আশঙ্কা প্রকাশ করেন। 

স্থানীয়রা জানান, আসাদ মিয়ার ছেলে আবির তার কিশোর গ্যাং বন্ধুদের নিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এ সময় তার বাবাকে মারধর করে তারা। পরে মারধরে শিকার আসাদ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে আহত অবস্থা উদ্ধার করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করে ফেলে লোকজন। পরে রাতে পুলিশে খবর দিয়ে তাদের সোপর্দ করা হয়। আহত আসাদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
 
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নয়ন কর জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে চার কিশোরকে উদ্ধার করা হয়েছে। তারা এক ব্যক্তিকে মারধর করেছে বলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।