পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০১:৩৯ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত মানিক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই এলাকার মোহাম্মদ রাসেল (৩০) নামের এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা পাওনা রয়েছেন মানিক। পাওনা টাকা নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। এতে গুরুতর আহত মানিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবণতি দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মানিকের মৃত্যু হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন,পাওনা টাকার বিরোধে মানিককে ছুরিকাঘাত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত