গোয়াইনঘাটে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাটে মোটরসাইকেল ছিনিয়ে নিতে শাহরিয়ার হোসেন (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার রাধানগর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তানজিল হোসেন নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতিকারীরা তার মোটরসাইকেল আটকে নগদ অর্থ ও মোটরসাইকেলটি নিয়ে যায়। এ সময় তাকে আঘাত করে রাস্তায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। 

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।