আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
বাংলাদেশ রেলওয়ে গত ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ বুধবার সকাল ৮টায় পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ২৯ মার্চের টিকিট পাওয়া যাচ্ছে।
যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে। অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হচ্ছে।
গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, ৩০ মার্চের টিকিট ২০ মার্চ বিক্রি হবে। এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।
ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালানো হলেও এবার তা কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি এক জোড়া ট্রেন চালানো হবে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে। এছাড়া ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চালানো হবে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।
ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ কোচ যুক্ত করা হয়েছে। এছাড়া মোট ১৯টি লোকোমোটিভ (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ ৫টি) যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। তবে ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
রেলওয়ের এই প্রস্তুতি ঈদযাত্রায় যাত্রীদের জন্য আরও সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।