ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন হামলায় কমপক্ষে ৪০৪ জন নিহত এবং ৫৬২ জনেরও বেশি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোররাত থেকে আকস্মিকভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস হওয়ায় অনেক ফিলিস্তিনি সেহরি খাচ্ছিলেন, এমন সময় এই হামলা শুরু হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে ‘শুরু মাত্র’ বলে আখ্যায়িত করেছেন। তিনি সতর্ক করে বলেন, ‘এটি কেবল শুরু। এখন থেকে আমরা হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান তীব্রতার সাথে পদক্ষেপ নেব এবং আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাব।’
গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটিই সবচেয়ে বড় বিমান হামলা। হামলার পর সামনে আসা ছবিগুলোতে দেখা যায়, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। ভোররাতে বাড়িতে বোমা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে।
নেতানিয়াহু দাবি করেন, ‘আমরা যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের জন্য বাড়িয়েছিলাম, যদিও বিনিময়ে আমরা জিম্মিদের ফেরত পাইনি। আমরা দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছিলাম এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবও গ্রহণ করেছি, কিন্তু হামাস সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উইটকফ উভয় পক্ষের কাছে একটি হালনাগাদ প্রস্তাব পেশ করেছিলেন, যেখানে ৫০ দিনের যুদ্ধবিরতির জন্য পাঁচজন ইসরায়েলি বন্দির মুক্তি, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং তিন ধাপের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল।
হামাস শুক্রবার জানায়, তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে এবং গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য দ্বিতীয় ধাপের আলোচনা পুনরায় শুরু করার অংশ হিসেবে একজন ইসরায়েলি-আমেরিকান সৈন্যের মুক্তি এবং চার দ্বৈত নাগরিকের মরদেহ ফেরত দিতে সম্মত হয়েছে।
তবে নেতানিয়াহু পাল্টা বলেন, ‘আমি হামাসকে সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা আমাদের বন্দিদের মুক্তি না দেয়, তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব -- এবং আমরা তা করেছি।’
ইসরায়েলের অনুমান অনুযায়ী, গাজায় ৫৯ জন ইসরায়েলিকে আটক করে রাখা হয়েছে, যাদের মধ্যে ২৪ জন এখনও জীবিত। বিপরীতে ৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন।
গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তিন দফার এই যুদ্ধবিরতির প্রথম ধাপ গত ১ মার্চ শেষ হয়ে যায়। তবে নেতানিয়াহু দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানান, যেখানে যুদ্ধ চূড়ান্তভাবে শেষ করা এবং গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার কথা বলা হয়েছিল।
এই হামলায় গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা ও হস্তক্ষেপের দাবি জানানো হচ্ছে।