যশোর-বেনাপোল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আজ বুধবার ভোর ৬টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নবীবনগরে অ্যাম্বুলেন্স ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২)।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন।
ওসি বাবলু রহমান খান বলেন, ‘অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঝিকরগাছা থানা ও নাভারণ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’