ঢাকার নবাবগঞ্জ এলাকায় ৭ বছর বয়সী একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
শিশুটির মা জানান, তাদের বাড়ি নবাবগঞ্জের দৌলতপুর এলাকায়। ধর্ষণের অভিযোগে আটক নাজিম খান তাদের প্রতিবেশী এবং শিশুটির বাবার বন্ধু। এ সূত্রে সে শিশুটির বাসায় নিয়মিত যাতায়াত করত। গতকাল বিকেলে নাজিম শিশুটিকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে নাজিমকে হাতেনাতে আটক করে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নবাবগঞ্জে ধর্ষণের শিকার শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।