ভারত ম্যাচের আগে ফাহামিদুল ইসলামকে জাতীয় দলে ফেরানোর দাবিতে টিম হোটেলের বাইরে ফুটবল সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আজ রাজধানীর এক হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা সাফ জানিয়ে দিলেন—এখন আর দলে ফেরার সুযোগ নেই।
গতকাল স্কোয়াড থেকে ফাহামিদুলকে বাদ দেওয়ার পর থেকেই আন্দোলনে নামে আলট্রাসসহ বেশ কয়েকটি সমর্থক গোষ্ঠী। তাদের দাবি, যেভাবে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটি অন্যায্য। শুধু সমর্থকরাই নয়, বাংলাদেশের সাবেক ফুটবলাররাও কোচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও নড়েচড়ে বসেছে। গত রাতে মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে ফাহামিদুলকে ফেরানো সম্ভব কি না, এমন প্রশ্নে কাবরেরা সোজাসাপটা বলেন, ‘না, এখন আর তার দলে ফেরার সুযোগ নেই।’
তবে এই স্প্যানিশ কোচ ফাহামিদুলকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছেন। ‘সে প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেওয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। আমি আবারও বলছি, তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য,’ বলেছেন কাবরেরা।
আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে আজ সন্ধ্যা সাতটায় কিংস অ্যারেনায় অনুশীলনে নামবে দল। কাল সকালে শিলংয়ের উদ্দেশে রওনা দেবে জামাল ভূঁইয়ার দল।
ভারত ম্যাচের প্রস্তুতি নিয়ে আশাবাদী কোচ কাবরেরা। সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্পের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের মনোযোগ এখন ভারত ম্যাচে। কীভাবে তাদের সামলাব, সেটা নিয়েই ভাবছি। সৌদিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প হয়েছে, যা আমাদের জন্য ইতিবাচক। ভারত চ্যালেঞ্জ নিতে সবাই মোটামুটি প্রস্তুত।’
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
ভারতের কোচ মানোলো মার্কেজ বলেছেন, ‘এটা আমাদের জন্য এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচের প্রস্তুতি। আমরা জিততে চাই। বাংলাদেশ ম্যাচের আগে নিজেদের সেরা দলটা গুছিয়ে নিতে চাই।’
বাংলাদেশ-ভারত লড়াইয়ের উত্তাপ তাই আগেভাগেই ছড়িয়ে পড়েছে ফুটবল অঙ্গনে।