বাংলাদেশ ম্যাচের আগে ভারত শিবিরে জোড়া দুঃসংবাদ

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৩:০৫ পিএম

বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ভারতীয় ফুটবল দল। ইনজুরির কারণে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লালিয়ানজুয়ালা ছাংতে ও মানভির সিং ছিটকে গেছেন স্কোয়াড থেকে। এমন অবস্থায় ভারতের কোচ মানোলো মার্কেজ হয়তো এখন মনে মনে খুশিই হবেন সুনীল ছেত্রীকে ফেরানোর সিদ্ধান্তে। স্কোয়াডের হাল যা, তাতে গোলের আশার আলো বলতে আপাতত ছেত্রীই! 

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মালদ্বীপের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তবে ইনজুরির কারণে স্কোয়াডে তৈরি হওয়া শূন্যতা দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। 

বিগত কয়েক বছর ধরে ভারতের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় লালিয়ানজুয়ালা ছাংতে। এই রাইট উইঙ্গার ২০২৪ সালে ভারতের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। তবে, মুম্বাই সিটি এফসির হয়ে খেলতে গিয়েই চোট পান তিনি। ফলে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছে। 

ছাংতের না থাকা বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। ক্লাব পর্যায়ে চলতি মৌসুমে ৬টি অ্যাসিস্ট ও ২টি গোল করেছেন তিনি। তার ডানপ্রান্তের গতি ও স্কিল ভারতের আক্রমণের অন্যতম শক্তি ছিল। 

ভারতের স্ট্রাইকার মানভির সিংকেও স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তার চোটের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশের বিপক্ষে তিনি খেলবেন না। পুনর্বাসনের জন্য তিনি নিজের ক্লাব মোহন বাগান সুপার জায়ান্টসে ফিরে যাচ্ছেন। 

জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচ খেলা মানভির ছেত্রীর অবসরের পর ভারতের আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। তবে ইনজুরির কারণে তাকে হারানো ভারতের জন্য বড় ধাক্কা। 

ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সও বাংলাদেশের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। ইগর স্টিমাচের বিদায়ের পর খানিকটা খেই হারিয়েছে ব্লু টাইগার্স। নতুন কোচ মানোলো মার্কেজ দায়িত্ব নেওয়ার পর চার ম্যাচে মাত্র দুটি গোল করতে পেরেছে ভারত, যার মধ্যে একটি এসেছে সেট-পিস থেকে। 

স্বাভাবিকভাবেই, মানসিকভাবে খানিক এগিয়ে থাকার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ইনজুরি জর্জরিত ভারতীয় দলকে হারিয়ে এএফসি এশিয়ান বাছাইপর্বে নিজেদের অবস্থান শক্তিশালী করার স্বপ্ন দেখতেই পারে জামাল ভূঁইয়ার দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত