পারটেক্সের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল রূপগঞ্জ টাইগার্সের। ক্রিজে ৯২ রানে অপরাজিত ছিলেন ইনিংস উদ্বোধনে নামা আবদুল মজিদ। শেষ বলে ৩ রানের সমীকরণের সামনে দাঁড়িয়ে চার হাঁকিয়ে নিজের সেঞ্চুরি ও রূপগঞ্জ টাইগার্সের জয় দুটোই ছিনিয়ে আনেন মজিদ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে টানা ৫ হারের পর প্রথম জয়ের মুখ দেখলো রূপগঞ্জ টাইগার্স।
বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে জয়রাজ শেখ ও রুবেল মিয়ার ফিফটিতে ভর করে ২২৩ রান তোলে পারটেক্স স্পোর্টিং ক্লাব। জয়রাজ ৭১ বলে ৫৪ ও রুবেল ৮৯ বলে ৫২ রান করেন। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের অধিনায়ক আল আমিন জুনিয়র ও মাহমুদুল হাসান ৩টি করে উইকেট নেন।
জবাবে দ্বিতীয় উইকেটে আসাদুল্লাহ আল গালিবের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন মজিদ। ৮০ বলে ঠিক ৫০ রান করে গালিব ফিরলেও এক প্রান্তে ঠায় দাঁড়িয়ে ছিলেন মজিদ। ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপেও পড়ে রূপগঞ্জ টাইগার্স। এর পর আরিফুল হকের সঙ্গে ৪৯ রানের জুটিতে জয়ের পথে এগোতে থাকে টাইগার্স। রোমাঞ্চকর শেষ ওভারের শেষ বলে চার মেরে শেষ পর্যন্ত প্রথম জয়ের দেখা পায় রূপগঞ্জ টাইগার্স।