সাতক্ষীরার কাশেমপুরে মাদরাসার পুকুরের পানিতে ডুবে মো. রাসেল (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানার পুকুরে এ ঘটনা ঘটে। সে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকার ফারুক হোসেনের ছেলে।
রাসেলের মামা মাওলানা মাহমুদুল হাসান জানান, তার ভগ্নিপতি ফারুক হোসেন পরিবারের সদস্যদের নিয়ে সদর উপজেলার কাশেমপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার ছেলে রাসেল কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানার হেফজখানায় কোরআন শিক্ষা করত। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাসেলসহ আরও ৪-৫ জন ছাত্র মাদরাসার পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ডুব দিলে রাসেল হঠাৎ করে পুকুরের সিড়ির নিচ চলে যায়।
এ সময় অন্যান্য শিক্ষার্থীরা রাসেলকে না পেয়ে দ্রুত যেয়ে তাদের শিক্ষকদের খবর দেয়। পরে মাদরাসার শিক্ষকরা এসে দুপুরের দিকে পুকুরের সিঁড়ির নিচে থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ-ওসি শামিনুল হক দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।