মার্কিন বাহিনীর হামলায় ইয়েমেনে ১৬ হুথি সদস্য নিহত

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর লক্ষ্য করে মার্কিন বাহিনী ফের অতর্কিত হামলা চালিয়েছে, এর ফলে অন্তত ১৬ জন হুথি সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। 

এদিকে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী পাঁচ দিন ধরে টানা হামলা চালাচ্ছে ইয়েমেনে, তবে সর্বশেষ হামলার বিস্তারিত তথ্য হুথি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা প্রকাশ করেনি।

এর আগে, ইয়েমেনের রাজধানী সানা শহরে মার্কিন বাহিনীর হামলায় সাতজন নারী এবং দুইজন শিশু আহত হয়। হামলার লক্ষ্য ছিল আল-জাওফ প্রদেশের আল-হাজম জেলা এবং আল-বায়াদা প্রদেশের সাওয়াদিয়া অঞ্চল, যেখানে আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে হামলার খবর আসে।

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মার্কিন বাহিনী ইয়েমেনে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছে, এর মধ্যে নারী ও শিশু অন্তর্ভুক্ত রয়েছে।