গাজায় ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি, জাতিসংঘের হস্তক্ষেপ চায় ফিলিস্তিন

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৬:১০ পিএম

ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অঞ্চলে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২২ জন উত্তর গাজার বাসিন্দা। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি বাহিনী পুরো গাজা উপত্যকাজুড়ে তাণ্ডব চালাচ্ছে। বিশেষ করে উত্তর গাজার বাইত লাহিয়া এলাকায় এক বিমান হামলায় একই পরিবারের অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ অঞ্চলে নির্বিচারে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১০টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এসব শহরের ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষে আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে এ দুটি শহরে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই শিশু।

এদিকে, গাজায় নতুন করে স্থল অভিযান চালানোর জন্য আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী) প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে নেতজারিম করিডর ও আশপাশের এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এটি মূলত গাজার মানুষের চলাচল সীমিত করার উদ্দেশ্যে করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী প্রায়ই গাজার উত্তর থেকে বাসিন্দাদেরকে দক্ষিণে সরে যেতে বাধ্য করছে, এক্ষেত্রে স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালানোর কথা বললেও, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও সমালোচনা সত্ত্বেও তাদের বর্বরতা অব্যাহত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে, ইসরায়েলি বাহিনী গাজায় অব্যাহত আক্রমণ চালিয়ে যাচ্ছে। এক বছর ধরে চলা এই আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে, খাদ্য, পানি, ও বিদ্যুতের তীব্র অভাব সৃষ্টি হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি দূত ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। 

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় নিরীহ বেসামরিক জনগণ হত্যা হচ্ছেন, যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত