বাংলাদেশ ম্যাচের আগে ভারতের স্কোয়াডে আরেক বড় ধাক্কা

বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি হিসেবে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ভারত। সেই প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরেছে তারা, দ্বীপরাষ্ট্রটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্লু টাইগাররা। জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে গোল করেছেন সুনীল ছেত্রী, অন্য দুটি গোল করেছেন রাহুল ভেকে ও লিস্টন কোলাসো।

তবে এই ম্যাচেই ভারত শিবিরে নতুন দুশ্চিন্তা যোগ হয়েছে। দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্দেজ গুরুতর ইনজুরিতে পড়েছেন এবং বাংলাদেশ ম্যাচে থাকছেন না। ম্যাচের ৪১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি, এমনকি হাঁটতেও পারেননি, স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। কোচ মানোলো মার্কেজ নিশ্চিত করেছেন, ব্রেন্ডন বাদ পড়ায় স্ট্যান্ডে থাকা ব্রাইসনকে স্কোয়াডে নেওয়া হবে।

শুধু ব্রেন্ডন নয়, ইনজুরির কারণে দলের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লালিয়ানজুয়ালা ছাংতে ও মানভির সিংও থাকছেন না। ছাংতে, যিনি ২০২৪ সালের ভারতের বর্ষসেরা ফুটবলার, চোট পেয়েছেন মুম্বাই সিটি এফসির হয়ে খেলতে গিয়ে। অন্যদিকে, স্ট্রাইকার মানভির সিং পুনর্বাসনের জন্য মোহন বাগান সুপার জায়ান্টসে ফিরে যাচ্ছেন।

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। মালদ্বীপকে উড়িয়ে দিলেও ইনজুরির কারণে কিছুটা দুর্বল হয়েছে দল। তবে হামজা চৌধুরীদের জন্য ভারতের বিপক্ষে ম্যাচ যে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিত।