অন্তর্বর্তী সরকারের কাছে আগামী রবিবার বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।
এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ১১টায় এই বৈঠক শুরু হয়ে ১২টায় শেষ হয়।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।
সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, ‘রাজনৈতিক, ‘অর্থনৈতিক ও বৈদেশিক নানা বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের যে ঐক্যমত সৃষ্টির চেষ্টা চলছে, তা নিয়েও আলোচনা হয়েছে। এখানে কারো দ্বিমত আছে। আমরা মনে করি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না।’
তিনি আরও বলেন, ‘সংস্কার বিষয়ে যেখানে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আর যেসব বিষয়ে ঐক্যমত হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনকেন্দ্রীক হোক বা অন্য যেকোনো বিষয়েই হোক আমরা সেটা প্রতিটি দল নির্বাচনের সময় জনগণের কাছে নিয়ে যাব। তাদের সামনে উপস্থাপন করব। তারপর নির্বাচিত হয়ে সংসদে এসে আলোচনা, তর্ক-বিতর্কের পর তা পাশ হবে। আমাদের আলোচনাটা মোটামুটি এভাবেই হয়েছে।’