বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাঞ্চল্যকর এক ঘটনায় নিরাপত্তা সংকটের মুখে পড়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতির সময় বেজেরাঁও স্টেডিয়ামের আকাশে হঠাৎই উড়ে আসে একটি ড্রোন। নিরাপত্তার স্বার্থে বন্ধ দরজার ভেতরে অনুশীলন চলছিল, যেখানে কোনো ধরনের ছবি তোলার অনুমতি ছিল না। ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরাসরি হস্তক্ষেপ করে ফেডারেল ডিস্ট্রিক্ট মিলিটারি পুলিশ।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম লান্স জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১৮ মার্চ সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। প্রায় ২০ মিনিট ধরে চলা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ড্রোনের অপারেটরকে শনাক্ত করা হয় এবং পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
প্রতিবেদন অনুসারে, ড্রোনটি কিছুক্ষণ স্টেডিয়ামের ওপরে অবস্থান করে, এরপর দ্রুত সরে যায়। বিষয়টি বুঝতে পেরে সিবিএফ-এর নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেন। মিলিটারি পুলিশ দ্রুত তৎপর হয়ে স্টেডিয়ামের সামনের এক বাণিজ্যিক এলাকায় ড্রোনটিকে শনাক্ত করে। সেখানেই প্রায় ১০ মিনিট আকাশে স্থির থাকার পর ড্রোনটি নিচে নামে, তখনই তার মালিককে চিহ্নিত করা সম্ভব হয়।
ঘটনার কয়েক ঘণ্টা পর ফেডারেল ডিস্ট্রিক্ট মিলিটারি পুলিশ আনুষ্ঠানিক বিবৃতি দেয়। তারা জানায়, ড্রোনটির অপারেটরকে স্টেডিয়ামের কাছের একটি মডেল এয়ারক্রাফট রানওয়েতে পাওয়া যায় এবং পরে তাকে ব্রাসিলিয়ার ১৪ নম্বর পুলিশ প্রিসিঙ্কটে নিয়ে যাওয়া হয়। পুলিশ আরও জানায়, ড্রোনটি জব্দ করা হয়েছে এবং এর তদন্ত চলছে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে লান্স! জানায়, CBF-ই প্রথম পুলিশকে বিষয়টি জানায় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অনুরোধ করে। এমন পরিস্থিতি ব্রাজিল দলকে উদ্বিগ্ন করছে, বিশেষ করে কোচ দোরিভাল জুনিয়রের অধীনে নতুন শুরুর মুহূর্তে, যখন গোপনীয়তা ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ড্রোন উড়তে দেখা যাওয়ার দিনই ছিল নতুন কোচ দোরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিলের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন। ওইদিনই দলে যোগ দেন ডিফেন্ডার মার্কিনিয়োস, ফলে স্কোয়াড সম্পূর্ণ হয়। এছাড়া আগের দিন পুনর্বাসন করা ১০ খেলোয়াড়ও এদিন পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন।
ব্রাজিল দল অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখে। এরপর কৌশলগত দিক নিয়ে কাজ করা হয়, যা গোপনীয়তার স্বার্থে বন্ধ দরজার ভেতরে পরিচালিত হয়। তাই অনুশীলনের ওপর নজরদারি করা ড্রোনটি বাড়তি অস্বস্তি তৈরি করেছে।
ব্রাজিল দল এই ম্যাচের আগে মাত্র দুটি পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ পাবে, যা কৌশল নির্ধারণের জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন খেলোয়াড়রা। এর আগে মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস প্রকাশ্যে স্বীকার করেছেন, অনুশীলনের সময় কম থাকায় দলের প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে।
বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের পর ব্রাজিলের প্রতিপক্ষ হবে শীর্ষে থাকা আর্জেন্টিনা (২৫ পয়েন্ট), যারা লিওনেল মেসি ও লওতারো মার্তিনেজকে ছাড়া মাঠে নামবে।
এই গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে অনাকাঙ্ক্ষিত ড্রোন-কাণ্ডে ব্রাজিল শিবিরে নিরাপত্তা ও মনোবল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে কতটা প্রভাব ফেলে এই ঘটনা।