বন্যাদুর্গতদের সহায়তায় চ্যারিটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০২:০১ পিএম

ফুটবল শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, কখনো কখনো তা হয়ে ওঠে মানবিকতার সেতুবন্ধন। দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চ্যারিটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। বাহিয়া ব্লাঙ্কা অঞ্চলের পুনর্গঠনে এই ম্যাচ থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে।

বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের পর দেশে ফিরে অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ বাহিয়া ব্লাঙ্কা এলাকার একটি হাসপাতালের পুনর্গঠনে দান করা হবে।

আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ‘আমরা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলব। আর এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ বাহিয়া ব্লাঙ্কার গুরুত্বপূর্ণ হাসপাতাল পুনর্গঠনে দান করা হবে।’

শুধু তাই নয়, বন্যাদুর্গতদের দীর্ঘমেয়াদি সহায়তায় অভিনব এক চুক্তিও করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সংস্থাটির সভাপতি ক্লাদিও তাপিয়া জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে আর্জেন্টিনা জাতীয় দল প্রতিবার গোল করলেই বাহিয়া ব্লাঙ্কা এলাকায় একটি করে ঘর নির্মাণ করবে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

বিপর্যয়ের সময় ফুটবল যে শুধু খেলা নয়, মানবিকতার প্রতীকও হতে পারে, আর্জেন্টিনার এই উদ্যোগ সেটাই প্রমাণ করছে। সমাজের প্রতি খেলাধুলার দায়িত্ববোধের এই নজির সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত