বল সুইং করাতে পেসাররা সাধারণত বলে লালা মিশিয়ে থাকেন। কিন্তু করোনাভাইরাসের সময় থেকে এটি নিষিদ্ধ করেছিল আইসিসি। করোনাভীতি এখন আর নেই, তবু নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে আসন্ন আইপিএলেই উঠে যাচ্ছে বলে লালা মেশানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা। আসছে দুটি বল ব্যবহারের আইন।
২০২০ সাল থেকে বলে লালা মেশানো নিষিদ্ধ করেছে আইসিসি। এরপর অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এই সুযোগ পুনরায় চালুর দাবি জানালেও আইসিসি সাড়া দেয়নি। ফলে সর্বশেষ কয়েক বছর ধরে চাইলেও বলে লালা ব্যবহার করতে পারছিলেন না বোলাররা। এমন অবস্থায় পেসারদের রিভার্স সুইং করতে সমস্যা হচ্ছে। সে কারণেই ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি সম্প্রতি লালা ব্যবহারের অনুমতি চেয়েছিলেন।
শামির এমন চাওয়ার পর বিষয়টি আমলে নেয় বিসিসিআই। মুম্বাইয়ের ক্রিকেট সেন্টারে আইপিএলের সব দলের অধিনায়ক ও ম্যানেজারদেরদের সঙ্গে আলোচনার পর লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সবাইকে নিশ্চিত করা হয়েছে যে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ২০২৫ মৌসুম থেকে বলে লালা ব্যবহার করতে পারবেন বোলাররা। তাই আইপিএলে এবার সুইংয়ের লড়াই দেখা যাবে।
এছাড়া আইপিএলে রাতের ম্যাচগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় ইনিংসে শিশির বড় একটা প্রভাব ফেলে। শিশিরের সুবিধা পেতে বেশিরভাগ অধিনায়কই টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। তবে এবারের আইপিএলে নতুন নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দল দ্বিতীয় ইনিংসে দুটি বল ব্যবহার করতে পারবে। দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর অধিনায়কের কাছে দ্বিতীয় বল বুঝিয়ে দেয়া হবে। এতে শিশিরের জন্য কেউ বাড়তি সুবিধা পাবে না বলেই বিশ্বাস বিসিসিআইয়ের।