চট্টগ্রামের বাঁশখালীতে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া নবম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জড়িত ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
অভিযুক্ত আসামিরা হলেন- বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের কাজী নুর মোহাম্মদের ছেলে কাজী শহীদুল ইসলাম (২৫), কাথরিয়ার হালিয়া পাড়ার মো. মিজানের ছেলে মো. জোবাইর (২৩), মো. জামালের ছেলে মো. আজম (২৫), ছনুয়া এলাকার মো. আবু শামার ছেলে মো. তৌহিদ (৩০)। বৃহস্পতিবার (২০ মার্চ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তাক আহমদ তাদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১১ জুলাই বাঁশখালীর সমুদ্র উপকুল কাথারিয়ার হালিয়া পাড়া পয়েন্টের ঝাউবাগানে বাহারছড়া রত্নপুর স্কুলের নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ করে একটি চক্র। পরে নানা হুমকির কারণে মামলা করা থেকে বিরত রাখার চেষ্টা করলেও আইনজীবীর সহায়তায় চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলা করা হয়।
মামলায় বাদীপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নাছির উদ্দিন বলেন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হুমকির বিষয়টি পত্রিকায় দেখে আদালতে মামলা করি। আদালত পিবিআইকে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ জারি করেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।